মেক্সিকোর একটি পানশালা থেকে বের করে দেওয়া হয় এক মাতাল যুবককে। এতে ক্ষুব্ধ হয়ে ওই পানশালায় আগুন লাগিয়ে দেয় সে। এ ঘটনায় পুড়ে মারা গেছেন অন্তত ১১ জন। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী সান লুইস রিও কলোরাডোতে ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মাতাল যুবক পানশালায় একটি মোলোটভ ককটেল ছুড়ে মারে। পানশালায় থাকা নারীদের হয়রানিও করে সে। এরপরই তাকে বের করে দেওয়া হয়।
সান লুইস রিও কলোরাডোর মেয়র শনিবার বিকেলে টুইটারে বলেছেন, পানশালায় আগুন দেওয়ার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আগুনে পুড়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। আহত আরও চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলটির কাছেই মার্কিন সীমান্ত। দগ্ধ কয়েকজনকে যুক্তরাষ্ট্রের সীমান্তের হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি