চীনের হয়ে গুপ্তচরবৃত্তি: মার্কিন নৌবাহিনীর নাবিকের কারাদণ্ড

চীনের কাছে সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহের কথা স্বীকার করা মার্কিন নৌবাহিনীর এক নাবিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ার একটি আদালত তাকে ২৭ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে। ঘুষের বিনিময়ে চীনা গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়ার কথা অক্টোবরে স্বীকার করেছিলেন ২৬ বছর বয়সী ওয়েনহেং ঝাও নামের এই নাবিক। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ক্যালিফোর্নিয়ার একটি নৌঘাঁটিতে একজন পেটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন ঝাও। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সামরিক মহড়া, অভিযানিক আদেশ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য চীনের হাতে তুলে দিয়েছেন তিনি। 

মার্কিন আইন মন্ত্রণালয় জানিয়েছে, ঝাওয়ের সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল। তিনি সংরক্ষিত সামরিক ও নৌবাহিনীর স্থাপনায় প্রবেশ করেছেন তথ্য সংগ্রহের জন্য। চীনের কাছে তথ্য পাঠাতে অত্যাধুনিক এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করেছেন তিনি। চীনের এক গুপ্তচরের সঙ্গে সম্পর্ক থাকার প্রমাণও তিনি ধ্বংস করেছেন।

মন্ত্রণালয় আরও বলেছে, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ১৪ দফায় অন্তত ১৪ হাজার ৮৬৬ ডলার ঘুষ পেয়েছেন এসব তথ্য দেওয়ার বিনিময়ে।

চীনে জন্মগ্রহণ করা ঝাও একজন মার্কিন নাগরিক। ২০০৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের পাড়ি জমান এবং ২০১২ সালে মার্কিন নাগরিকত্ব পান। পাঁচ বছর পর তিনি নৌবাহিনীতে যোগ দেন। গত বছর আগস্টে ক্যালিফোর্নিয়ায় তাকে গ্রেফতার করা হয় এবং আগস্টে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেন তিনি।