ইসরায়েলে অস্ত্র বিক্রির ৩০টি লাইসেন্স স্থগিত করলো কানাডা

ইসরায়েলে অস্ত্র বিক্রির জন্য ৩০টি লাইসেন্স স্থগিত করেছে কানাডা। একটি মার্কিন কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে দেশটি। এই চুক্তির আওতায় কুইবেকে উৎপাদিত গোলাবারুদ ইসরায়েলি সেনাবাহিনীর কাছে বিক্রি করার কথা ছিল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এ ঘোষণা দিয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

জোলি বলেছেন, কানাডায় তৈরি গোলাবারুদ—যা মার্কিনভিত্তিক জেনারেল ডাইনামিকসের কানাডিয়ান শাখা তৈরি করে—অন্যান্য দেশে বিক্রির জন্য হলেও ইসরায়েলে পুনরায় বিক্রি করার অনুমতি দেওয়া হবে না।

এই ঘোষণাটি কানাডার সবচেয়ে বড় মুসলিম অধিকার সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) ইতিবাচক খবর হিসেবে গ্রহণ করেছে।

এনসিসিএম এক্স-এ একটি পোস্টে জানায়, পররাষ্ট্রমন্ত্রী জোলি স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর কানাডার নিষেধাজ্ঞা নীতি কার্যকর রয়েছে। তিনি সরাসরি উল্লেখ করেছেন যে, জেনারেল ডাইনামিকসের সাম্প্রতিক প্রস্তাবিত গোলাবারুদের বিক্রির ক্ষেত্রে কোনও ফাঁকফোকর ব্যবহারকে সমর্থন করে না কানাডার সরকার।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কোনও মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে লেনদেনের বিষয়টি দীর্ঘদিন ধরেই বিতর্কিত। জোলি এই ধরনের বাণিজ্যিক লেনদেনকে কঠোরভাবে নিষিদ্ধ করার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জেনারেল ডাইনামিকসের প্রশ্নে আমাদের নীতি স্পষ্ট। আমরা কোনও ধরনের অস্ত্র বা অস্ত্রের অংশ গাজায় পাঠানোর অনুমতি দেব না। কীভাবে ও কোথায় সেগুলো পাঠানো হচ্ছে তা বিবেচ্য নয়। সুতরাং, আমার ও সরকারের অবস্থান সুস্পষ্ট এবং আমরা জেনারেল ডাইনামিকসের সঙ্গে যোগাযোগ করছি।

এদিকে, ইসরায়েল ও ইহুদি-বিষয়ক কেন্দ্র (সিআইজেএ) জানিয়েছে, জোলির এই বক্তব্য কানাডার সরকারের নীতিতে ‘উদ্বেগজনক পরিবর্তন’ নির্দেশ করছে।