প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রচারণা চলাকালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ২০২৫’ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। তার দ্বিতীয় মেয়াদে এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে কি না তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। তবে ট্রাম্প নিজেই আরও বিস্তৃত পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনায় রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও ইলন মাস্ককে সরকারি দায়িত্বে এনে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কেনেডিকে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা সংস্কারের জন্য এবং মাস্ককে কেন্দ্রীয় কর্মসংস্থানে পরিবর্তনের জন্য ক্ষমতা দেওয়া হবে বলে ট্রাম্প মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক সমাবেশে তিনি বলেন, আমি তাকে খাদ্য ও ওষুধ নিয়ে কাজ করার সুযোগ দেব।
কেনেডির পরিকল্পনার মূল প্রতিপাদ্য হলো সবল আমেরিকা গঠন। যেখানে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও খাদ্য এবং পানি দূষণ রোধে গুরুত্ব দেওয়া হবে।
সাম্প্রতিক এক ভিডিওতে কেনেডি দাবি করেন, ট্রাম্প তাকে স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু সংস্থার ওপর নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং এর অধীন সিডিসি, এফডিএ ও এনআইএইচ।
ট্রাম্পের অন্যতম সমর্থক ও ধনকুবের ইলন মাস্ককে ফেডারেল সরকারের ‘স্ক্র্যাচ’ পুনর্গঠন করার দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সম্প্রতি এক সমাবেশে ঘোষণা দিয়েছেন যে, ট্রাম্প নির্বাচিত হলে স্বাস্থ্যসেবায় বড় ধরনের সংস্কার আনা হবে।