ইরান যুদ্ধ ইস্যুতে পোপ লিওকে কটাক্ষ ট্রাম্পের

ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

রবিবার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেন, আমি এমন কোনও পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক।

তিনি আরও বলেন, লিও-র উচিত পোপ হিসেবে নিজের কাজে মনোনিবেশ করা, সাধারণ জ্ঞান ব্যবহার করা এবং উগ্র বামপন্থীদের তোষণ বন্ধ করা। তার উচিত একজন রাজনীতিবিদ না হয়ে একজন মহান পোপ হওয়ার দিকে মনোযোগ দেওয়া।

এমনকি পোপ হিসেবে লিও-র নির্বাচিত হওয়ার কৃতিত্বও দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, আমি যদি হোয়াইট হাউসে না থাকতাম, তবে লিও ভ্যাটিকানে থাকতেন না।

সম্প্রতি পোপ লিও ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মন্তব্য করেছিলেন যে, ‘সর্বশক্তিমান হওয়ার বিভ্রম’ এই সংঘাতকে উস্কে দিচ্ছে। পোপ সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার বার্তাটি মার্কিন প্রেসিডেন্ট এবং ওই কর্মকর্তাদের উদ্দেশ্যেই ছিল বলে মনে করা হচ্ছে।