মেক্সিকোতে ইরান ফুটবল দলকে রাজকীয় অভ্যর্থনা

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছে রাজকীয় অভ্যর্থনা পেয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ জুন) ভোরবেলায় বিমানবন্দরে জড়ো হওয়া সমর্থকরা ইরানের পতাকা উড়িয়ে খেলোয়াড়দের স্বাগত জানান। দলটির নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেয় মেক্সিকান কর্তৃপক্ষ এবং হেলিকপ্টারের সহায়তায় তাদের হোটেলে পৌঁছে দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে অ্যারিজোনার টুসন থেকে সরে এসে সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নিজেদের অনুশীলন ঘাঁটি স্থাপন করেছে ইরান দল। জটিল প্রস্তুতি পর্বের মধ্যেও এই অভ্যর্থনা দলটির জন্য ইতিবাচক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

স্থানীয় সময় ভোর ৫টায় বিমানবন্দরে উপস্থিত ছিলেন কয়েক ডজন সমর্থক। তাদের মধ্যে স্থানীয় মেক্সিকান নাগরিকদের পাশাপাশি ইরানি বংশোদ্ভূতরাও ছিলেন। তারা খেলোয়াড়দের উৎসাহ দেন, অটোগ্রাফ নেন এবং পতাকা উড়িয়ে শুভেচ্ছা জানান।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সহায়ক স্টাফের ১৫ সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। একইসঙ্গে প্রথমদিকে দলটিকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ম্যাচ শেষে একই দিনে ফিরে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল। তবে পরবর্তী আলোচনার পর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ খেলোয়াড় ও প্রয়োজনীয় স্টাফদের ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়।

বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর বেলজিয়াম ও মিসরের বিপক্ষে মাঠে নামবে দলটি।