নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফরে এলে তাকে গ্রেফতার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি উপায় খুঁজে দেখার কথা জানানোর পর ট্রাম্প এই অবস্থান জানালেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকা সফরকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই, কোনও অবস্থাতেই গ্রেফতার করা হবে না।

অবশ্য ট্রাম্প তার ওই পোস্টে মেয়রের মন্তব্যের কথা সরাসরি উল্লেখ করেননি, তবে ইরান যুদ্ধে সহায়তার জন্য ইসরায়েলকে ধন্যবাদ জানান।

২০২৪ সালে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল আইসিসির এই এখতিয়ার প্রত্যাখ্যান করেছে এবং কোনও ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে শনিবার সম্প্রচারিত দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি ভিডিও পডকাস্ট দ্য ইন্টারভিউ-এ অংশ নিয়ে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, আইনিভাবে কী পদক্ষেপ নেওয়া সম্ভব তা তার সিটির আইন বিভাগ বিবেচনা করছে।

মামদানি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা নেদারল্যান্ডসের দ্য হেগে হওয়া উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ এনেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রতি বছর সেপ্টেম্বরে নেতানিয়াহু ঐতিহ্যগতভাবেই নিউ ইয়র্ক সফর করেন। মামদানির মন্তব্যের জবাবে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। আইসিসিকে একটি ক্যাঙ্গারু কোর্ট এবং নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানাকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ইসরায়েল লিখেছে, মামদানি মনে হচ্ছে নিজের ব্যর্থতা থেকে জনমতের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে মধ্যপ্রাচ্যের একমাত্র প্রাতিনিষ্ঠানিক গণতন্ত্র ও ইহুদি রাষ্ট্রের নেতাকে আক্রমণ করতে আগ্রহী।

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসির মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার করার আন্তর্জাতিক একতিয়ার থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতের সদস্য নয়।

সূত্র: রয়টার্স