যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি

যুক্তরাষ্ট্রে চলতি বছরে হাম আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৫ জনে পৌঁছেছে, যা গত বছরের মোট আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির ট্র্যাকার অনুযায়ী, দেশটিতে গত ৩৫ বছরের মধ্যে হামের এমন ভয়াবহ রূপ আর দেখা যায়নি। টিকা নেওয়ার হার কম রয়েছে, এমন এলাকাগুলোতে ভাইরাসটি নতুন করে ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ‘হাম মুক্ত দেশ’-এর মর্যাদা হুমকির মুখে পড়েছে, যা আগামী নভেম্বরে পর্যালোচনার কথা রয়েছে।

জনস হপকিন্স যুক্তরাষ্ট্রের হাম ট্র্যাকারের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা গত ২০২৫ সালের মোট আক্রান্তের চেয়েও ৯ জন বেশি। আক্রান্তদের বেশিরভাগই টিকা না নেওয়া ব্যক্তি। সাউথ ক্যারোলিনা, ইউটা, টেক্সাস, ফ্লোরিডা এবং অ্যারিজোনায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত ১৬ জুলাই পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিশ্চিত আক্রান্ত এবং ৩৪টি নতুন প্রাদুর্ভাবের কথা জানিয়েছিল। এর আগে ১৯৯১ সালে দেশটিতে সর্বোচ্চ ৯ হাজার ৬৪৩ জন হামে আক্রান্ত হয়েছিল।

হামের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে কাশি, তীব্র জ্বর, কনজাংটিভাইটিস ও র‍্যাশ। তবে এটি বেড়ে গিয়ে কানের মারাত্মক সংক্রমণ, নিউমোনিয়া ও মস্তিষ্কের প্রদাহ তৈরি করতে পারে, যা স্থায়ী মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুর কারণ হতে পারে। প্রতি ১ হাজার আক্রান্ত শিশুর মধ্যে গড়ে ১ থেকে ৩ জনের মৃত্যু হয়।

সরকারের স্বাস্থ্য খাতের একাধিক শীর্ষ পদ ফাঁকা থাকা এবং স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রাথমিক অবস্থায় ভাইরাসের হুমকিকে এড়িয়ে যাওয়ার পর নতুন করে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে। অবশ্য পরে তিনি স্বীকার করেছেন, হাম প্রতিরোধে এমএমআর টিকাই সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: অ্যাক্সিওস