লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে লাইভ স্ট্রিম চলাকালে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে সিনালোয়ার রাজধানী কুলিয়াকানে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকান কর্তৃপক্ষের ধারণা, হত্যাকাণ্ডটি কার্টেল-সহিংসতার সঙ্গে জড়িত। তবে তারা কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করেনি।

অ্যাসোসিয়েটেড প্রেসের দেখা একটি ভিডিওতে দেখা যায়, একটি কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) রেস্তোরাঁর পার্কিং এলাকায় আরও দুজনের সঙ্গে হাস্যরস করছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার কাছে পৌঁছায়। তাদের একজন অস্ত্র বের করে গাস্তেলুমকে গুলি করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা ও স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাস্তেলুম এমন কিছু ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তিনি একটি অপরাধী গোষ্ঠীর একটি অংশের প্রতি ইঙ্গিত করেছিলেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে সাংবাদিকদের বলেন, অপরাধীদের অবশ্যই গ্রেফতার করতে হবে। তিনি বলেন, এই নিন্দনীয় হত্যাকাণ্ড কেন ঘটেছে, তা আমাদের জানতে হবে।

টিকটকে গাস্তেলুমের অনুসারী ছিল ৬ লাখ ৫০ হাজারের বেশি। ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল অনুসারী ছিল। তিনি নিয়মিত কৌতুকধর্মী ভিডিও এবং মেক্সিকোর আঞ্চলিক সংগীতের সঙ্গে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করতেন। নিজের কিছু ভিডিওতে তিনি নিজেকে ‘বেলিকো’ বলে উল্লেখ করতেন, যা মেক্সিকোর কিছু উপসংস্কৃতিতে কার্টেল সংস্কৃতির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়।

বুধবার তাকে যেখানে হত্যা করা হয়, সেখানে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে লাইভ স্ট্রিম চলাকালে বন্দুকধারীদের গুলিতে কোনও কনটেন্ট নির্মাতা নিহত হলেন।

২০২৫ সালের মে মাসে মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি বিউটি স্যালনে টিকটক লাইভ করার সময় ২৩ বছর বয়সী বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ গুলিতে নিহত হন।