প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো

গত কয়েক দশকের মধ্যে প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন ‘পোলো’। মঙ্গলবার এটি মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলের পাশ দিয়ে অতিক্রম করার সময় ক্যাটাগরি ৫-এর একটি শক্তিশালী হারিকেনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

মায়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঘূর্ণিঝড়ের ভেতরে পাঠানো এনওএএ হারিকেন হান্টার বিমানের তথ্য অনুযায়ী পোলো একটি ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়, যার সর্বোচ্চ বাতাসের গতি প্রতি ঘণ্টায় ১৭৫ মাইল বা ২৮০ কিলোমিটার বেগে বইছে।

চলতি মৌসুমে জেনিভয়েল এবং লয়েলের পর এটি প্রশান্ত মহাসাগরের তৃতীয় ক্যাটাগরি ৫ হারিকেন। স্যাফির-সিম্পসন স্কেলের সর্বোচ্চ স্তর হলো ক্যাটাগরি ৫, যার অর্থ হলো ঝড়ের বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৫৭ মাইল বা ২৫৩ কিলোমিটারের বেশি।

মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকোর সিহুয়াতানেজো থেকে প্রায় ২১৫ মাইল বা ৩৪৫ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের ওপর প্রায় স্থবির অবস্থায় ছিল পোলো। হারিকেন কেন্দ্রের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, আগামী কয়েক দিনে ঝড়টি সাধারণত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে বারবার বিপর্যস্ত হওয়া মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাসিন্দাদের মধ্যে হারিকেন পোলো নতুন করে আতঙ্ক তৈরি করেছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের ওপর কালো মেঘের ঘনঘটার মাঝে উপকূলীয় সৈকতগুলো ফাঁকা হয়ে গেছে। এছাড়া মেক্সিকান কর্তৃপক্ষ সতর্কতা হিসেবে বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে।

আলবেনি বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস্টেন এল. করবোসিয়েরা বলেন, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার ইতিহাসের অন্যতম শক্তিশালী ঝড় এটি।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেইনবাম তার সকালের প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন যে হারিকেনটির স্থলভাগে সরাসরি আঘাত হানার সম্ভাবনা কম। সতর্কতা হিসেবে মেক্সিকোর নৌবাহিনী গেরুরের ও মিচোয়াকান রাজ্যের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে এবং সাধারণ মানুষ ও জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

হারিকেন পোলোর প্রভাবে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে। গেরুরের ও মিচোয়াকান রাজ্যে ৩ থেকে ৬ ইঞ্চি বা ৮ থেকে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।