৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের সম্মেলনের পর ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের অসংবেদনশীল পণ্যে শুল্ক কমানোর বিষয়ে এক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বাণিজ্য প্যাকেজের তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুই দেশের মধ্যে যে শুল্ক যুদ্ধ চলছিল, এই চুক্তিকে তার বরফ গলার বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই সমঝোতার ফলে অনেক ধরনের ভোক্তা পণ্যের দাম কমতে পারে, যা মূল্যস্ফীতির কারণে চাপে থাকা মার্কিন ক্রেতাদের কিছুটা স্বস্তি দেবে।

চুক্তির কৌশল অনুযায়ী, চীন কিছু নির্দিষ্ট কৃষিপণ্য, সামুদ্রিক খাবার, কাঠজাত পণ্য, প্রসাধন সামগ্রী ও চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে শুল্ক কমাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ছোটখাটো গৃহস্থালি সরঞ্জাম, খেলনা, উৎসবের সাজসজ্জার সামগ্রী এবং শিশুদের কার সিটের ওপর শুল্ক হ্রাস করবে।

একই সঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৭ ও ২০২৮ সালে প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি মেট্রিক টন কয়লা আমদানি করবে চীন। বাণিজ্য যুদ্ধ শুরুর আগে দেশটি মার্কিন কয়লার শীর্ষ পাঁচ আমদানিকারকের অন্যতম ছিল, যা পরবর্তীতে ব্যাপকভাবে হ্রাস পায়।

তবে দুই দেশের বাণিজ্য বিরোধের অন্যতম প্রধান বিষয় বিরল খনিজ উপাদানের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসের তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত সরবরাহ শৃঙ্খলের ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ কাটাতে দুই দেশ কাজ চালিয়ে যাচ্ছে, যাতে পণ্য চালানের পরিমাণ পুনরায় উপযুক্ত মাত্রায় ফিরিয়ে আনা যায়।

সূত্র: অ্যাক্সিওস