ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো

মেক্সিকোর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ক্যাটাগরি-৩ হারিকেন ‘পোলো’। এর প্রভাবে বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যে শুরু হয়েছে জীবনঝুঁকিপূর্ণ তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত। এতে ইতোমধ্যে উপকূলীয় কিছু এলাকা প্লাবিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

মেক্সিকোর কর্মকর্তারা জানিয়েছেন, সার্ফিং ও মাছ ধরার জন্য পরিচিত লাস বারানকাস গ্রামের ঠিক দক্ষিণে আঘাত হানে হারিকেন পোলো। সে সময় ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার।

ঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং পূর্বাভাস অনুযায়ী এর কেন্দ্রটি বাজা ক্যালিফোর্নিয়া সুর অতিক্রম করে মঙ্গলবার পরবর্তীতে মূল ভূখণ্ডের সোনোরা রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটানো ৫৭ বছর বয়সী দোকানদার মারিয়া পালোমিনো এএফপিকে বলেন, ‘কিছু একটা ঘটে যাওয়ার চেয়ে আশ্রয়কেন্দ্রে আসাটাই ভালো’।

যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় পোলো দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে মূল ভূখণ্ড মেক্সিকোয় দ্বিতীয়বার স্থলভাগে আঘাত হানার সময়ও ঝড়টি হারিকেন শক্তি ধরে রাখতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বাজা ক্যালিফোর্নিয়া সুরের কিছু অংশে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার বা ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে এই ঝড়, যা পাহাড়ি এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধস তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও ধ্বংসাত্মক ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

ঝড়টি আঘাত হানার আগেই বাজা ক্যালিফোর্নিয়া সুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পুয়ের্তো সান কার্লোস মাছ ধরার শহরেও কিছু এলাকায় প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এল নিনো জলবায়ু ঘটনার কারণে সৃষ্ট অত্যন্ত উষ্ণ সমুদ্রের পানি এই হারিকেনকে আরও শক্তিশালী করে তুলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।