প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে মার্কিন কংগ্রেস কার নিয়ন্ত্রণে থাকবে, তা নির্ধারণে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের পাশাপাশি গভর্নর এবং অঙ্গরাজ্য আইনসভার প্রতিনিধি নির্বাচন করা হচ্ছে।
ইউনিভার্সিটি অব ফ্লোরিডা ইলেকশন ল্যাব জানিয়েছে, ৩ নভেম্বরের প্রধান ভোটের আগেই এবার রেকর্ড ৫ কোটি ৮০ লাখের বেশি আগাম ভোট পড়েছে, যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের (৪ কোটি ৫৯ লাখ) চেয়ে অনেক বেশি। টেক্সাসে সর্বোচ্চ ৭৭ লাখের বেশি ভোট পড়েছে। দলীয় নিবন্ধনের তথ্য প্রকাশ করা রাজ্যগুলোর মধ্যে ৪৩ শতাংশ ডেমোক্র্যাট, ৩২ শতাংশ রিপাবলিকান এবং ২৫ শতাংশ স্বতন্ত্র ভোটার আগাম ভোট দিয়েছেন।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে প্রায় ২৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন নাগরিক ভোট দেওয়ার যোগ্য, যা ২০২২ সালের তুলনায় ৩ শতাংশ বেশি। মার্কিন ভোটারদের মধ্যে ৬১ শতাংশ শ্বেতাঙ্গ, ১৬ শতাংশ হিস্পানিক, ১২ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ৫ শতাংশ এশীয় আমেরিকান।
নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং ১০০ আসনবিশিষ্ট সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর এবং ৪৬টি অঙ্গরাজ্যের ৬ হাজার ১৩৯টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি ৩৯টি অঙ্গরাজ্যে কর ও সংবিধান সংশোধন সম্পর্কিত ১৪৬টি ব্যালট পরিমাপের বিষয়েও রায় দেবেন ভোটাররা।
নির্বাচনে বিজয়ী নতুন সদস্যরা ২০২৭ সালের ৩ জানুয়ারি ১২০তম কংগ্রেসে দায়িত্ব গ্রহণ করবেন। এই নির্বাচন পরবর্তী দুই বছরের জন্য ট্রাম্প প্রশাসনের ক্ষমতা ও নীতির ভারসাম্য নির্ধারণ করবে।
সূত্র: আনাদোলু এজেন্সি