বিবেক রামাস্বামীকে হারিয়ে ওহাইয়োর নতুন গভর্নর ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে হারিয়ে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন বিজয়ী হয়েছেন। অ্যাক্টনের এই জয়ের মাধ্যমে দীর্ঘ দুই দশক পর ওহাইওতে ডেমোক্র্যাটিক পার্টির কোনও প্রতিনিধি গভর্নর হিসেবে নির্বাচিত হলেন।

পেশায় চিকিৎসক অ্যামি অ্যাক্টন করোনা মহামারির সময়ে ওহাইয়োর স্বাস্থ্য বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে মহামারির শুরুর দিকে ওহাইয়োতে মৃত্যু ও মানসিক দুশ্চিন্তার মধ্যে পরিস্থিতি সামাল দিয়ে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। ডেমোক্র্যাট হলেও সে সময় তিনি রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করেছিলেন।

ঐতিহাসিক জয়ের পর এক বিবৃতিতে অ্যামি অ্যাক্টন বলেন, ওহাইয়ো ঘৃণার বিপরীতে ঐক্যকে বেছে নিয়েছে। তিনি আরও বলেন, এমন একজন গভর্নর পেতে ওহাইয়ো প্রস্তুত, যিনি জীবনযাত্রার ব্যয় কমাতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং প্রতিটি মানুষের জন্য সমান সুযোগের একটি অঙ্গরাজ্য গড়তে লড়াই করবেন।

অন্যদিকে, বায়োটেক বিলিয়নেয়ার ও ২০২৪ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইস্টার্ন স্ট্যান্ডার্ড সময় রাত ১০টা ৪৯ মিনিটে অ্যামি অ্যাক্টনকে বিজয়ী ঘোষণা করে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড