গাজায় চিকিৎসাসেবা দেওয়া মুসলিম সার্জন আদম হামাভির ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম সদস্য হিসেবে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাভি। নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে হারিয়ে তিনি এই জয় ছিনিয়ে নেন।

৫৬ বছর বয়সী আদম হামাভি একজন প্লাস্টিক সার্জন, অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক চিকিৎসক ও মানবিক চিকিৎসাকর্মী। তিনি টানা এক দশক দায়িত্বে থাকার পর অবসরে যাওয়া প্রভাবশালী প্রগতিশীল প্রতিনিধি বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মিসরে জন্মগ্রহণকারী ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা হামাভি ইরাক যুদ্ধের একজন প্রবীণ সেনা সদস্য। তিনি বসনিয়া, সুদান, লেবানন ও সিরিয়ায় বিভিন্ন চিকিৎসাসেবা মিশনে অংশ নিয়েছেন। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি গণহত্যার সময় তিনি একটি মানবিক চিকিৎসা মিশনে দক্ষিণ গাজায় যান। পরবর্তীতে ইসরায়েল রাফাহ সীমান্ত বন্ধ করে দিলে গাজায় আটকে পড়া চিকিৎসকদের দলে ছিলেন তিনি। সে সময় মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ তাকে উদ্ধারে হস্তক্ষেপ করেন, ২০০৪ সালে ইরাকে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যার জীবন বাঁচিয়েছিলেন এই হামাভি। গাজার অভিজ্ঞতা তার রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে।

প্রথমবারের মতো নির্বাচনে নেমে প্রগতিশীল ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিজয়ী হওয়ার পর হামাভি সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি যে বিচার ও ন্যায়ের জন্য লড়াই করার ক্ষেত্রে আপনাকে কখনও কারও অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না।

নির্বাচনি প্রচারণায় আদম হামাভি সবার জন্য স্বাস্থ্যসেবা, ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধ, চিকিৎসা ও শিক্ষার্থীদের ঋণ মওকুফ এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিলুপ্তির ওপর জোর দেন। মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত হওয়া ফলের ভিত্তিতে ডিসিশন ডেস্ক এইচকিউ তার জয় নিশ্চিত করে আসনটি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে রাখে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড