প্রেসিডেন্টের ভেটো কী, কীভাবে ‘সর্বোচ্চ ক্ষমতা’ কাজে লাগাতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এর মাধ্যমে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা বড় ধরনের ধাক্কা খেলো। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, যাকে তিনি নিজের ‘সর্বোচ্চ ক্ষমতা’ হিসেবে অভিহিত করেছেন।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প কেবল একটি শব্দ পোস্ট করেছেন, ‘VETO’ (ভেটো)। এর মাধ্যমে ডেমোক্র্যাটদের পাস করা যেকোনও বিল আটকে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

ভেটো নিয়ে কী বলেছেন ট্রাম্প?

ভোটগ্রহণের আগে সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হলেও তিনি তার এজেন্ডা চালিয়ে যেতে আত্মবিশ্বাসী। ডেমোক্র্যাটদের আইন প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমার কাছে সর্বোচ্চ ক্ষমতা আছে, যাকে বলে ভেটো।

তিনি আরও বলেন, অন্যথায় আমি সবকিছুতেই ভেটো দেব এবং তারা সেটা নিশ্চয়ই চাইবে না।

সিবিএস নিউজ তাকে ‘মি. ভেটো’ ডাকনাম দিলে তিনি তা সাদরে গ্রহণ করেন।

ফক্স নিউজকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে ট্রাম্প ভেটোকে প্রেসিডেন্টের অন্যতম শক্তিশালী হাতিয়ার উল্লেখ করে বলেন, তারা পাগলাটে সব প্রস্তাব পাঠাবে আর আমি সেগুলোতে ভেটো দেব।

সিবিএস-এর সাক্ষাৎকারে ট্রাম্প ‘ট্রাম্প বনাম স্লটার’ মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের কথা উল্লেখ করেন, যার মাধ্যমে তিনি ফেডারেল ট্রেড কমিশনের সদস্য রেবেকা স্লটারকে অপসারণ করেছিলেন। তিনি দাবি করেন, স্লটার মামলা প্রেসিডেন্টকে এমন ব্যাপক ক্ষমতা দিয়েছে যা আগে কখনও ছিল না।

মার্কিন সংবিধানে প্রেসিডেন্ট ভেটো কী?

মার্কিন সংবিধানের অনুচ্ছেদ ১, ধারা ৭ অনুযায়ী প্রেসিডেন্টকে ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হওয়া কোনও বিল প্রেসিডেন্টের কাছে পাঠালে তিনি তা সই করে আইনে পরিণত করতে পারেন, অথবা আপত্তি জানিয়ে কংগ্রেসে ফেরত পাঠাতে পারেন।

কংগ্রেসের অধিবেশন চলাকালে রবিবার ছাড়া ১০ দিনের মধ্যে প্রেসিডেন্ট বিলে সই বা ফেরত না পাঠালে তা নিজে থেকেই আইনে পরিণত হয়। তবে এই ১০ দিনের মধ্যে কংগ্রেসের অধিবেশন স্থগিত হয়ে গেলে বিলটি আর আইনে পরিণত হতে পারে না, যাকে ‘পকেট ভেটো’ বলা হয়। প্রেসিডেন্টকে একটি পুরো বিলের ওপরই ভেটো দিতে হয়; বিলের অংশবিশেষ ছাঁটাই বা পরিবর্তনের ক্ষমতা তার নেই।

কংগ্রেস কি ট্রাম্পের ভেটো বাতিল করতে পারে?

হ্যাঁ, কংগ্রেস প্রেসিডেন্টের ভেটো বাতিল করতে পারে। তবে সে জন্য প্রতিনিধি পরিষদ (৪৩৫ আসনের মধ্যে ২৯০টি ভোট) এবং সিনেট (১০০ আসনের মধ্যে ৬৭টি ভোট) উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। ডেমোক্র্যাটদের একচ্ছত্র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে ভেটো বাতিল করতে বিপুল সংখ্যক রিপাবলিকান আইনপ্রণেতার সমর্থনের প্রয়োজন হবে। মার্কিন ইতিহাস অনুযায়ী, এখন পর্যন্ত খুব কম সংখ্যক প্রেসিডেন্টের ভেটোই কংগ্রেসের ভোটে বাতিল হয়েছে।

ডেমোক্র্যাটদের ওপর চাপ সৃষ্টিতে ভেটোর ব্যবহার

ভেটো কেবল বিল বাতিলের অস্ত্র নয়, এটি সমঝোতার টেবিল তৈরির কৌশলও। কোনও বিলে ভেটোর হুমকি দিয়ে ডেমোক্র্যাটদের নীতি পরিবর্তনে বাধ্য করতে পারেন ট্রাম্প। সিবিএস নিউজকে ট্রাম্প নিজেই এই কৌশলের কথা জানিয়ে বলেন, ঐতিহাসিকভাবে, আপনি দুই-এক মাস ভেটো দিতে থাকবেন এবং তারপর তারা এসে বলবে, আমাদের একটি চুক্তিতে পৌঁছানো দরকার।

সূত্র: এনডিটিভি