নভেম্বর মাস এলেই চারপাশে গোঁফ রাখার প্রবণতা চোখে পড়ে। তবে দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চলে এমন এক সামুদ্রিক পাখির দেখা মেলে, যার গোঁফ সারা বছরই নজর কাড়ে। পাখিটির নাম ইনকা টার্ন। মুখের দুপাশে পাকানো সাদা পালক দেখতে অনেকটা পুরোনো দিনের ছবিতে দেখা হ্যান্ডেলবার গোঁফের মতো।
তবে এই গোঁফ আসলে কোনো লোম নয়। পাখিটির মুখের দুপাশ থেকে বেরিয়ে আসা সূক্ষ্ম সাদা পালকই এমন আকৃতি তৈরি করেছে। গাঢ় রঙের মসৃণ পালক আর উজ্জ্বল লাল ঠোঁটের সঙ্গে সাদা পালকের এই গোঁফ ইনকা টার্নকে দিয়েছে স্বতন্ত্র চেহারা।
শুধু সৌন্দর্য নয়, এই গোঁফের সঙ্গে পাখিটির স্বাস্থ্যেরও সম্পর্ক রয়েছে। বিজ্ঞানীদের মতে, ইনকা টার্নের গোঁফ যত লম্বা হয়, পাখিটি তত বেশি সুস্থ থাকে। অর্থাৎ, মুখের পালকের দৈর্ঘ্য দেখেই পাখিটির স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।
ইনকা টার্নের আরেকটি বিশেষত্ব হলো, শুধু পুরুষ নয়, স্ত্রী পাখিরও এমন গোঁফ থাকে। অর্থাৎ, উভয় লিঙ্গের পাখিই এই বৈশিষ্ট্যপূর্ণ সাদা পালক বহন করে।
এই গোঁফওয়ালা পাখি দেখতে হলে যেতে হবে দক্ষিণ আমেরিকায়। পেরু ও চিলির উপকূলীয় এলাকায় দেখা যায় ইনকা টার্ন। সাদা পাকানো পালক, গাঢ় রঙের শরীর আর উজ্জ্বল লাল ঠোঁট- সব মিলিয়ে ইনকা টার্ন প্রকৃতির এক ব্যতিক্রমী সৌন্দর্যের উদাহরণ।
সূত্র: রিপ্লিস