হোয়াইট হাউসের মাত্র ১ মাইল দূরে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত একাধিক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসের প্রায় এক মাইল (১.৬ কিলোমিটার) উত্তর-পূর্বে লোগান সার্কেল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি ভবনের ভেতরে অবস্থান নিয়েছেন এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের ভবনগুলোতে রাইফেল হাতে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে এবং এলাকায় পুলিশের কয়েক ডজন গাড়ি রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি) জানায়, উত্তর-পশ্চিমের ১৫তম এবং পি স্ট্রিট এলাকায় গোলাগুলি চলছে, ঘটনাস্থলে এমপিডি অবস্থান করছে। এমপিডির জরুরি সাড়াদানকারী দল ঘটনাস্থলে রয়েছে। এলাকাটি এড়িয়ে চলুন।

পুলিশের একজন মুখপাত্র ঠিক কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি। তবে ডিসি কাউন্সিলের সদস্য ব্রুক পিন্টো এক্সে দেওয়া এক পোস্টে জানান, ভিআইডিএ ফিটনেস ক্লাবে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

সূত্র: রয়টার্স