বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার জেরে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তীব্র হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে এবং টানা তিন সপ্তাহের দরপতনের ধারা কাটিয়ে ওঠার পথে রয়েছে বাজার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৪টা ৫০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রায় ২ ডলার বৃদ্ধির ফলে তেলের দাম গত ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বুধবারের সমাপনী মূল্যের চেয়ে ২ ডলার ১০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭৮ ডলারে লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআই তেলের লেনদেন বন্ধ ছিল।