পাকিস্তানে বন্যার পানিতে শিশু-নারীসহ ২৬ বরযাত্রীর মৃত্যু

পাকিস্তানে একটি পার্বত্য সড়কে একটি বরযাত্রীবাহী পিকআপ ভ্যান বন্যার পানিতে ভেসে গিয়ে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। পিকআপটি ভেসে গিয়ে একটি গিরিখাতে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৮জন নারী ও শিশু।

পার্বত্য খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা রহিমুল্লাহ মেহসুদ বলেন, আফগান সীমান্তবর্তী পাকিস্তানর সাতটি উপজাতীয় জেলার অন্যতম খাইবারের একটি প্রত্যন্ত গ্রামে বরযাত্রী বহনকারী একটি পিক-আপ ট্রাক বন্যাকবলিত হলে এ দুর্ঘটনা ঘটে।

মেহসুদ আরও বলেন, ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। উদ্ধার হওয়ার তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে। তবে উদ্ধার কর্মী ও স্থানীয় বাসিন্দারা এলাকাটি দুর্গত ও পার্বত্য হওয়ায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

সরকারি এ কর্মকর্তা বলেন, ‘ঠিক কতজন যাত্রী পিক-আপটিতে ছিলেন তা জানি না।’

পাকিস্তানে এ মাসের গোড়ার দিকে থেকে প্রবল মৌসুমী বৃষ্টি শুরু হয়। এতে খাইবার-পাখতুন খোয়া ও পাঞ্জাবের মধ্যাঞ্চলের প্রদেশগুলো মারাত্মক বন্যা কবলিত হয়েছে। সূত্র: এএফপি।

/এএ/