শ্রীলঙ্কায় দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের চাচাতো ভাই গ্রেফতার

Jaliya Wickramasuriya20161118130250_lশ্রীলঙ্কায় সাড়ে তিন লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এক কূটনীতিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এ কূটনীতিক শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের পরিবারের সদস্য।

শুক্রবার রাজাপাকসের চাচাতো ভাই কূটনীতিক জালিয়া বিক্রমসূর্যকে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

জালিয়া বিক্রমসূর্য ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে শ্রীলঙ্কার দূত হিসেবে কর্মরত ছিলেন। এ সময় ওয়াশিংটনে শ্রীলঙ্কার দূতাবাসে একটি আর্থিক লেনদেনের বিষয় কর্তৃপক্ষ তদন্ত করছে এবং তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, শুক্রবার তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ কর্মকর্তা জানান, দূতাবাসের জন্য একটি ভবন কেনার অর্থ থেকে তিনি তিন লাখ ৪৫ হাজার ডলার আত্মসাৎ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।

শ্রীলঙ্কার  বর্তমান সরকার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও তার পরিবারের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ এনেছে। বিক্রমসূর্যকে গ্রেফতারের মধ্যদিয়ে রাজাপাকসের পরিবারের আরও এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/