মধ্যপ্রাচ্য যাওয়ার পথে নেপালে গ্রেফতার ৩৮ বাংলাদেশি

nonameমধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভালো চাকরির লোভে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে নেপালে ৩৮ বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে দুজনের বৈধ কাগজপত্র থাকায় তাদের ছেড়ে দিয়েছে নেপালি পুলিশ। সোমবার বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।

নেপালের পুলিশ জানিয়েছে, মানবা পাচারের শিকার হওয়া অন্তত ৩৮ জন বাংলাদেশিকে তারা গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ভালো চাকরি পাওয়ার আশায় তারা মানবপাচারকারীদের সহযোগিতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চেয়েছিলেন ।

নেপাল থেকে বিবিসির সংবাদদাতারা জানান, বেশিরভাগ বাংলাদেশিদের কাছে ভ্রমণ বা কাজের কোনও ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। নেপালেই গ্রেফতারকৃতরা অবৈধভাবে বাস করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তবে দু'জনের কাজে বৈধ কাগজপত্র পাওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। আর বাকি ৩৬ জনকে কাঠমান্ডুর ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন-এর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশিরা কিভাবে নেপালে পাচার হলো, এ বিষয়ে আরও তদন্ত করবেন দেশটির কর্মকর্তারা। তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশি নাগরিক স্থলপথে ভারত হয়ে নেপালে এসেছেন। কাঠমান্ডুর বিভিন্ন পোশাক ও দর্জির দোকানেই মূলত এরা কাজ করতেন।

পুলিশ আরও জানায়, মানবপাচারকারী চক্র সাধারণত এই ধরনের মানুষদের ইউরোপ বা উপসাগরীয় দেশগুলোতে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে আসে নেপালে। তারপর এখান থেকে তারা অবৈধ কাগজপত্র তৈরি করে অভিবাসী শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে পাঠায়।

নেপালে অবৈধ অভিবাসীর সংখ্যা কত সে বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকলেও পুলিশের মতে সেখানে অন্তত ৫০০ অভিবাসী অবৈধভাবে বাস করছেন। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/