ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু

nonameইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভা প্রদেশে ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার পনোরোগো জেলার বানারান গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে বানারান গ্রামের অন্তত ৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা মাটি চাপা পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেছেন। স্থানীয়দের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মাটি চাপা পড়া মানুষরা একটি পাহাড়ের পাদদেশে আদা চাষ করতেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা সুতোপো পুরউ টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, মাটি চাপা পড়াদের উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। ঘটনাস্থলে প্রবেশ অনেক কঠিন হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে জরুরিভাবে ভারী যন্ত্রপাতি প্রয়োজন। সূত্র:  বিবিসি, সিনহুয়া।

/এএ/