বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আইএস জঙ্গিদের সুড়ঙ্গ, গুহা ও বাংকার লক্ষ্য পারমাণবিক বোমার সবচেয়ে বড় এই এমওএবি বোমা নিক্ষেপ করে। শুক্রবার নিহত আইএস জঙ্গির সংখ্যা ৩৬ জন বলে জানানো হয়েছিল।
শনিবার নানগড়হর প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ কোইয়ানি নিহতের সংখ্যা ৯০ জনের কথা জানান। তবে হামলাস্থল অচিন জেলার গভর্নর ইসমাইল শেনওয়ারি মিডিয়াকে বলেন, ‘বোমায় অন্তত ৯২ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।’অচিন জেলার গভর্নর শেনওয়ারি আরো জানিয়েছেন, হামলায় সামরিক বা বেসামরিক স্তরে ক্ষয়-ক্ষতির কোনো খবর নেই।
এর আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরিও হামলায় বেসামরিক কোনো মানুষের ক্ষয়-ক্ষতির কথা অস্বীকার করেন।
আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ জানিয়েছেন, সরকারের সঙ্গে সমন্বয় করেই যুক্তরাষ্ট্র বোমাটি নিক্ষেপ করেছে এবং যাতে করে বেসামরিক নাগরিক হতাহত না হন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও শুক্রবার বিভিন্ন আফগান কর্মকর্তা জানিয়েছিলেন সরকারকে না জানিয়েই বোমাটি নিক্ষেপ করা হয়েছে। তারা সংবাদমাধ্যমের খবর প্রকাশের পর বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন।
অবশ্য আইএস দাবি করেছে, মার্কিন এ বোমা হামলায় তাদের কোনও যোদ্ধা নিহত হয়নি।
বৃহস্পতিবার আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ নানগড়হরে একটি মার্কিন বিমান থেকে ‘মাদার অব অল বম্বস’খ্যাত সেই বোমাটি ফেলা হয়। পেন্টাগনের দাবি, নাঙ্গাহারের তালেবান সংশ্লিষ্টরাই এখন আইএসে যোগ দিয়েছে।
লম্বায় ৩০ ফুট বোমাটির ওজন ১১ টন, গায়ে লেখা রয়েছে এমওএবি। এমওএবি-র মানে হলো ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট, বাংলায় বলা যেতে পারে ব্যাপক বিধ্বংসী বায়ু-বিস্ফোরক। তবে এমওএবি-কে বিস্তৃত করলে মাদার অব অল বম্বস-ও হয়। মার্কিন সেনাবাহিনী এই নামেই ডাকে বোমাটিকে। পরমাণু বোমার বাইরে এটিই পৃথিবীর বুকে আছড়ে পড়া সবথেকে বড় বোমা। সূত্র: বিবিসি
/এএ/বিএ/