জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবেন না গুলালাই

ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-র সাবেক সদস্য আয়েশা গুলালাই দেশটির জাতীয় পরিষদের আসন থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। পিটিআই চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনার পর জাতীয় পরিষদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছিল দলটি।

59887b70a601a

সোমবার জাতীয় পরিষদে দেওয়া ভাষণে গুলালাই জানান, তিনি পদত্যাগ করবেন না। এ সময় পিটিআই সদস্যরা বেশ হট্টগোল করেন।

গুলালাই দাবি করেন, পিটিআই’র নেতাকর্মীরা তার পরিবারকে হেনস্তা করার চেষ্টা করছেন। তিনি বলেন, যখনই আমি দল ছেড়েছি তখন আমাকে এসিড হামলার হুমকি দেওয়া হয়েছে। আমার বোন ও জাতীয় স্কোয়াশ দলের খেলোয়াড় মারিয়াকেও টার্গেট করা হয়েছে। আমি ও আমার পরিবার হুমকিতে ভীত নই।

গুলালাই দাবি করেন খাইবার পাখুতনখোয়া অঞ্চলে দুর্নীতি ছেয়ে গেছে। তিনি বলেন, ইমরান খান বলেন বড় বড় মানুষের কাছ থেকে জবাবদিহীতার শুরু হতে হবে। কিন্তু তিনি দলের বড় নেতা হয়ে কেন তা শুরু করছেন না। চরিত্র হারানো মানে সবকিছুই হারানো।

কয়েকদিন আগে আয়েশা গুলালাই সংবাদ সম্মেলন করে পিটিআই থেকে পদত্যাগের ঘোষণা দেন। ওই সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তিনি দৃশ্যত যৌন হয়রানির অভিযোগ আনেন।

অভিযোগ উত্থাপনের একদিনের মাথায় দল থেকে বহিষ্কার করা হয় এমএনএ আয়েশা গুলালাইকে। একই সঙ্গে দেশটির জাতীয় পরিষদের আসন থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। গুলালাইকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআইয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আচরণ করেছেন তিনি। দলের প্রধানের বিরুদ্ধে ভিত্তিহীন ও গুরুতর অভিযোগ তুলেছেন। দল মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থীকে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছেন গুলালাই।

অভিযোগ সম্পর্কে দুই দিন চুপ থেকে বৃহস্পতিবার নীরবতা ভাঙেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিটিআই (পাকিস্তান তেহরিক ই ইনসাফ) নেতা। অভিযোগকে নওয়াজের পরিবার থেকে ছড়ানো গুজব আখ্যা দেওয়ার একদিনের মাথায় ইমরানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত জানা যায়। সেই সিদ্ধান্তকে স্বাগত জানাতে গিয়ে তিনি মন্তব্য করেন, একজন নারী হওয়ার কারণে এ সংক্রান্ত মন্তব্যে  গুলালাইয়ের জীবন প্রভাবিত হতে পারে। সে কারণে ব্যাপারে আর কোনও মন্তব্য করতে চান না বলে জানান ইমরান।

এই ঘটনা তদন্তে সংসদীয় একটি কোড অব কন্ডাক্ট কমিটি গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। স্পিকার আয়াজ সাদিক পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ, পিএমএল-এন)-র চিফ হুইপ শেখ আফতাব এবং বিরোধী দলীয় নেতা খুরশীদ শাহকে এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করতে বলেছেন। আফতাবকে ১৩ জন এবং শাহকে ৭ জন সদস্যের নাম দিতে বলা হয়েছে।

এই কমিটির শুনানি ক্যামেরায় ধারণ করা হবে এবং এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। গত মাসে গুলালাইয়ের অভিযোগের পর তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় জাতীয় পরিষদ। প্রস্তাবটি সমর্থন করে ক্ষমতাসীন পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট। প্রস্তাবটিতে ভোটের সময় পিটিআই-র সদস্যরা উপস্থিত ছিলেন না। সূত্র: ডন।

/এএ/