কাবুলে শিয়া মসজিদে আত্মঘাতী ও বন্দুকধারীর হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে এক আত্মঘাতী হামলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, হামলার পর বন্দুকযুদ্ধ চলছে।

Mosque_Kabul25

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, শুক্রবার কালা-নাজার এলাকার ইমাম জামান মসজিদে এই হামলা হয়। প্রথমে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর মসজিদের ভেতরে গোলাগুলি হয়।

দানিশ আরও জানান, অন্তত তিন বন্দুকধারী মসজিদে প্রবেশ করে গুলি করছে।  সংঘর্ষ এখনও চলছে।

পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। কয়েকজন হতাহতের কথা জানিয়েছে পুলিশ। মসজিদে থাকা মুসল্লিদের বের করার চেষ্টা করা হচ্ছে।

আল জাজিরার কাবুল প্রতিনিধি জানান, জুমার নামাজের সময় এই হামলা হয়েছে। এমনিতেই এলাকাটি জনবহুল। ফলে মসজিদে মুসল্লিদের ভিড় ছিল অনেক বেশি।

তাৎক্ষণিকভাবে কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার দায়  স্বীকার করা হয়নি। সূত্র: আল জাজিরা।