বড় ধরনের যানজটে আটকা পড়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তীব্র রোদের মধ্যে কয়েক কিলোমিটার রাস্তা হাঁটতে বাধ্য হয়েছেন। বিশ্বের অনেক রাষ্ট্র প্রধানের ক্ষেত্রে এমনটি করা অবিশ্বাস্য হলেও তিনি বৃহস্পতিবার পুলিশ বেষ্টিত হয়ে ৩ কিলোমিটার রাস্তা হেঁটেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মোটর শোভাযাত্রাসহ সিলেগন এলাকায় সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েছিলেন। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে তার গাড়ির বহর আটকা পড়ে। রাজধানী জাকার্তা থেকে শহরটির দুরত্ব ছিল প্রায় আড়াই ঘণ্টার।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অন্তরা নিউজ জানায়, উইদোদো সাংবাদিকদের বলেছেন, ‘আমি তাদের জিজ্ঞেস করেছিলাম অনুষ্ঠানস্থল থেকে কতদূরে আছি আরমার। জবাবে চালক জানায় এখনও তিন কিলোমিটার। এরপর আমি গাড়ি থেকে নেমে যাই। হেঁটে চলে যাওয়াই আমার কাছে ভালো মনে হয়েছে।’
যানজটে পড়ে প্রেসিডেন্ট ৩০ মিনিট গাড়িতে বসে ছিলেন বলে অন্তরা নিউজ উল্লেখ করেছে। প্রেসিডেন্টকে অনুসরণ করে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তাও ফুটপাত ধরে হাঁটা শুরু করেন। তাদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান।
উইদোদো বলেন, ‘যদি রাস্তায় মোটরসাইকেল চালানো যেত তাহলে হয়ত আমি তাতে চড়তাম। তাহলে হয়ত আমি এতো ক্লান্ত হয়ে পড়তাম না।’
তিনি আরও বলেন, ‘দুরত্ব ছিল মাত্র তিন কিলোমিটার। এমন দুরত্ব আমি অনেক হেঁটেছি। সব ঠিক আছে, যদিও আমি ঘামে ভিজে গেছি কারণ আমার পরনে স্যুট ছিল।’ সূত্র: সিএনএন।