মিয়ানমারে গ্রেফতার হওয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে দেশটির একটি জেলা আদালত। বৃহস্পতিবার দুই সাংবাদিকের জামিন আবেদন শুনানির পর এই রায় দেন আদালত। মিয়ানমারের উপনিবেশিক আমলের সরকারি গোপনীয়তার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে দুই সাংবাদিকের বিরুদ্ধে।
শুনানির সময় দুই সাংবাদিকের পক্ষের আইনজীবী আদালতকে জানান, পুলিশ তাদের কাছ থেকে যেসব তথ্য উদ্ধার করেছে তা প্রকাশ্যেই বিভিন্ন দৈনিক পত্রিকায় পাওয়া যাচ্ছে।
জামিন নাকচ হওয়ার ঘটনায় রয়টার্সের সভাপতি ও এডিটর-ইন-চিফ স্টিফেন জে. অ্যাডলার হতাশা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, তাদের গ্রেফতারের প্রায় ৫০ দিনের বেশি হয়ে গেছে। শুনানি চলার সময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সুযোগ দেওয়া উচিত।
গত ১২ ডিসেম্বর দুই পুলিশ সদস্যের দেওয়া রাতের খাবারের আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আটক হন রয়টার্সে কর্মরত দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ি উ। প্রথমে আটকের কথা স্বীকার না করলেও কয়েকদিন পর তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক পাতায় আটকের কথা জানানো হয়। পরে তাদের বিরুদ্ধে মিয়ানমারের রাখাইন ইস্যুতে দাফতরিক গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। সূত্র: রয়টার্স