আফগান যুদ্ধ থামাতে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। তালেবান জানায়, তাদের এই উদ্যোগে যেন মনে না করা হয় যে যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত। বরং যুক্তরাষ্ট্র যত কঠিন প্রতিপক্ষই হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি।
গত কয়েক সপ্তাহে বড় দুইটি হামলা চালিয়েছে তালেবান। প্রাণ হারিয়েছে প্রায় ১৫০ জন মানুষ। এরপরও শক্ত অবস্থানে যায় যুক্তরাষ্ট্র ও আফগান সরকার। ১৭ বছরের এই যুদ্ধে আক্ষরিক অর্থে জয় পায়নি কোনও পক্ষই। এবার মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে সংলাপে বসার আগ্রহ জানালো তালেবান। তারা জানায়, ‘আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আফগান সংকট দূর করতে চাই।’
বিবৃতিতে ২৭ জানুয়ারি কাবুল হোটেলে হামলার কথা উল্লেখ করেনি তালেবান। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এরপর কাবুলে বোমা হামলায় ১০০ জন নিহত হওয়ার বিষয়েও কিছু বলা হয়নি।
তারা দাবি করে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আফগান মাটি থেকে সরে যেতে হবে এবং তালেবানকে সরকার গঠন করতে দিতে হবে।
এই বিষয়ে মন্তব্য করতে চাননি আফগান সরকারের মুখপাত্র। ন্যাটো নেতৃত্বাধীন সামরিক জোট থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বিবৃতিতে তালেবান জানায়, ‘আমরা মার্কিনিদের উদ্দেশ্যে বলতে চাই এখনও খুব দেরী হয়ে যাইনি। আমরা সুস্থ রাজনৈতিক সংলাপে আগ্রহী।’
প্রতিবছরই্ এমন আলোচনার কথা সামনে আসে। তবে সরকার, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সূত্র জানায় তালেবান সময়ই তাদের যুদ্ধ চলিয়ে গেছে।
সরকার ও তালেবানের মধ্যে শীতল সম্পর্কের কারণে বারবার আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। তালেবান জানিয়েছে, আলোচনার এই আগ্রহকে তাদের দুর্বলতা ভাবা ঠিক হবে না।