স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তালেবান সদস্যদের মুক্তি দিতেও রাজি আফগানিস্তান

স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আটকাবস্থায় থাকা  তালেবান সদস্যদের মুক্তি দিতেও রাজি আছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শান্তি অলোচনায় অংশ নেওয়া তালেবান সদস্যদের জন্য পাসপোর্ট-ভিসার ব্যবস্থা করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। দেশকে বাঁচানোর স্বার্থে তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে এসব কথা বলেছেন ঘানি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আফগান প্রেসিডেন্টকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি

কাবুলে অনুষ্ঠিত ২য় কাবুল শান্তি সম্মেলনে ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ঘানি এই আহ্বান জানান। তিনি তার দেওয়ায় বক্তব্যে উল্লেখ করেছেন, ‘তালেবানদের দৃষ্টিভঙ্গিও আমরা এই আলোচনায় বিবেচনায় রাখব।’ আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় আসতে রাজি হওয়া তালেবান প্রতিনিধিদের নিরাপত্তা ও স্বচ্ছন্দ্যের নিশ্চয়তা দিয়ে ঘানি বলেছেন, তালেবান প্রতিনিধিদের পাসপোর্টের ব্যবস্থা করে দেওয়া হবে। তাদের ও তাদের পরিবারের সদস্যদের ভিসাও দেবে আফগানিস্তান। তাদের জন্য প্রয়োজনে কাবুলে আলাদা অফিস খোলা হবে। তালেবান নেতাদের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও চেষ্টা করবে আফগান সরকার।

প্রেসিডেন্ট ঘানি আরও বলেছেন, শান্তি আলোচনায় আসতে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং তালেবানকে একটি রাজনৈতিক দল হিসেবে পরিচিত হতে হবে। আটক তালেবানদের মুক্তির বিষয়টি আফগানিস্তানের সরকার বিবেচনা করছে এবং এ বিষয়ে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গেও কথা বলেছে।

পরবর্তীতে বুধবার রাতে সম্মেলনের বিষয়ে টুইটারে দেওয়া এক বার্তায় আশরাফ ঘানি লিখেছেন, ‘আফগান জনগণের পক্ষ থেকে আমি তালেবান ও পাকিস্তানের কাছে বিস্তারিতভাবে শান্তিপ্রস্তাব উত্থাপন করব। আশা করি, আফগানিস্তানসহ এই পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একযোগে কাজ করতে পারব।