আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা, হতাহতের আশঙ্কা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদে হামলা চালিয়েছে দুই আত্মঘাতী বোমা হামলাকারী। তবে পুলিশের বাধায় হামলাকারীরা মসজিদে প্রবেশ করতে পারেনি। মসজিদের বাইরে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। রবিবারের এ বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে একজন নিহত ও সাতজন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

2012722183510866734_20

আফগান কর্মকর্তা জানান, রবিবার পুলিশ জেলা সাত-এ দুই আত্মঘাতী বোমা হামলাকারী নবি আকরাম মসজিদে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাবাহিনীর বাধায় মসজিদে প্রবেশ করতে পারেনি হামলাকারীরা। একজন আত্মঘাতী গুলিতে নিহত হয়েছে এবং অপরজন মসজিদের বাইরে বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

ইসলামিক স্টেট (আইএস) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলাটির দায় স্বীকার করেছে। তবে এই দাবির পক্ষে তারা কোনও প্রমাণ দেয়নি।

আফগানিস্তানে সংখ্যালঘু হচ্ছেন শিয়া মুসলমানরা। তাদের হত্যার হুমকি দিয়ে আসছে আইএস।

কাবুলে শিয়াদের পারসিয়ান নববর্ষ পালনে আইএসের বোমা হামলায় ৩০ জন নিহতের একদিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।