মালয়েশিয়ায় আজই নতুন সরকার গঠন করতে চান মাহাথির

মালয়েশিয়ায় এই মুহূর্তে কোনও সরকার নেই উল্লেখ করে দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই (১০ মে) নতুন সরকার গঠন করতে চান তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

184c1294-6170-4408-84a3-3566b7788058

মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই। আমরা আজই সরকার গঠন করতে চাই। বর্তমানে মালয়েশিয়ায় কোনও সরকার নেই। তাই আজই সরকার গঠন প্রয়োজন। পাকাতান হারপান জোটের ১৩৫টি আসন নিশ্চিত হয়েছে। ফলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে কোনও বাধা নেই।’ এসময় তিনি উল্লেখ করেন, সরকার ছাড়া কোনও আইনের শাসন প্রতিষ্ঠা হয় না।

বৃহস্পতিবার সকালে মাহাথিরের শপথ নেওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও তা অনুষ্ঠিত হয়নি। সংবাদ সম্মেলনে তিনি জানান, সব দলের ঘোষণাপত্রে স্বাক্ষরের পরই তিনি শপথ নেবেন। বলেন, আমরা আশা করছিলাম এই ঘোষণা সকালেই স্বাক্ষর হয়ে যাবে। কিন্তু সবাই ঘুমাচ্ছিলেন এবং ভোরে ঘুম থেকে উঠেননি। ফলে সকালে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া হয়নি আমাদের।

স্টার অনলাইন জানিয়েছে, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার মালয়েশীয় সময় বিকাল ৫টায় মাহাথির শপথ নেবেন। তার সঙ্গে উপ-প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কারাবন্দি নেতা আনোয়ার ইব্রাহিমের স্ত্রী।

নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট ২২২টি আসনের মধ্যে ১১৫টি আসনে তাদের প্রার্থীর জয়ী হওয়ার তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সরকার গঠনের জন্য ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল তাদের।

এখন পর্যন্ত ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের ঝুলিতে গেছে ৭৯টি আসন। ১৯৫৭ সাল থেকে ক্ষমতায় ছিল দলটি। ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে প্রায় ৬০ বছর ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা বারিসান ন্যাসিওনাল জোটের পরাজয় হলো। এই জোটের ও সরকারের নেতৃত্বে থাকা নাজিব রাজাকের বিরুদ্ধে চলতি বছরই দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই সামনে আসেন মাহাথির।

ইতোমধ্যে ফলাফল মেনে নিয়ে বিবৃতি দিয়েছেন নাজিব রাজাক। আর মাহাথিরও বলছেন, নাজিবের যুগের অবসান হয়েছে। আমরা সকালেই ঘোষণাপত্র স্বাক্ষর করে রাজার কাছে পাঠাতে চাই।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মুচকি হেসে বলেন, ‘আপনার যেই প্রধানমন্ত্রীর নাম শুনতে চাচ্ছেন তিনি বোধহয় ড. মাহাথির মোহাম্মদ।’

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পাকাতান হারপান জোটের সব দলই তাকে সমর্থন করবে। সবার স্বাক্ষরের পরই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। 

নাজিব রাজাকের বিরুদ্ধে চলতি বছরই দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই সামনে আসেন মাহাথির মোহাম্মদ। জয়ের পর মাহাথির বলেছিলেন, তার সরকার আইনের শাসন ফিরিয়ে আনবে।

অবশ্য দুই বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না ৯২ বছর বয়সী এই নেতা। বিরোধী দলের নেতৃত্ব নেওয়ার চুক্তির সময়ই এমন শর্ত মেনে নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। চুক্তি মোতাবেক, নির্বাচনে জয়লাভ করলে তিনি বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করে দিয়ে মুক্ত করবেন। আর দুই বছরের মধ্যে তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। নাজিব রাজাকের মতো আনোয়ার ইব্রাহিমও এক সময় মাহাথির মোহাম্মদের শিষ্য ছিলেন। তবে অনেক ক্ষমতাবান ও জনপ্রিয় হয়ে ওঠায় ১৯৯৯ মাহাথিরই তাকে জেলে পাঠিয়েছিলেন। তবে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের বিরোধ মিটিয়ে ফেলেছেন তারা।