জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞকে জাহান্নামে পাঠাতে চান দুয়ার্তে

জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞের মন্তব্যের প্রেক্ষিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুয়ার্তে বলেছেন, ‘সে জাহান্নামে যাক।’ জাতিসংঘের ওই বিশেষজ্ঞ মন্তব্য করেছিলেন, ফিলিপাইনের বিচারবিভাগের স্বাধীনতা হুমকির মুখে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, দুয়ার্তে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করেন। এর পাশাপাশি তিনি তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতেও সতর্ক করেছেন। সম্প্রতি সম্পদের হিসাব গোপন করার কারণ দেখিয়ে দেশটির প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে। প্রেসিডেন্ট দুয়ার্তে প্রকাশ্যে প্রধান বিচারপতি মারিয়া লৌর্ডেস সেরেনোর সমালোচনা করেছিলেন এবং তারপর সেরেনোর অপসারণের ঘটনা ঘটে।Duterte_clenched_teeth_REUTERS_file_01242017-640x417

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ডিয়েগো গার্সিয়া সায়ান গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান বিচারপতিকে অপসারণের বিষয়ে তার মতামত তুলে ধরেছিলেন। বিচারপতি অপসারণের ওই ঘটনাকে ফিলিপাইনের বিচার বিভাগের ওপর হওয়া হস্তক্ষেপ আখ্যা দিয়ে সায়ান বলেছিলেন, এতে ফিলিপাইনের গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে। সেরেনার অপসারণের বিষয়ে জাতিসংঘের কোনও তদন্ত না থাকার কথা স্বীকার করে র‍্যাপোর্টার ডিয়েগো গার্সিয়া সায়ান বার্তাসংস্থা এএফপিকে আরও জানিয়েছিলেন, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসেবে বিশ্বজুড়ে বিচারক ও আইনজীবীদের ওপর থাকা ঝুঁকির বিষয়ে তিনি কথা বলতে পারেন। এ প্রসঙ্গে তিনি পোল্যান্ডের বিচার বিভাগের ওপর তার তৈরি করা প্রকাশিতব্য প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন। সায়ানের ভাষ্য, ‘বিচারপতি সেরেনোর অপসারণ ১৫ সদস্যের হাইকোর্টসহ বিচার বিভাগের অন্যান্য শাখার পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। জাতিসংঘের বিচার বিভাগীয় স্বাধীনতা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি হওয়ার কারণে একটি দেশের প্রধান বিচারপতিকে অপসারণের বিষয়ে আমি এমন কি আমার নিজের দেশেও চুপ থাকতে পারি না। আর চুপ থাকলে তা অনৈতিক হবে।’ বর্তমানে জাতিসংঘের র‍্যাপোর্টার ডিয়েগো গার্সিয়া সায়ান পেরুর সাবেক আইন ও পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়েই সাংবাদিকরা দুয়ার্তের মত জানতে চেয়েছিলেন। জবাবে দুয়ার্তে মানবাধিকার বিশেষজ্ঞ সায়ানের বক্তব্য খারিজ করে দিয়ে বলেছেন, ‘তাকে বলুন, আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে। সে জাহান্নামে যাক। সে কোনও বিশেষ ব্যক্তি নয় এবং আমিও তার র‍্যাপোর্টার টাইটেলকে স্বীকার করি না।’ দুয়ার্তের ওই বক্তব্য টিভিতে প্রচারিত হয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে, প্রেসিডেন্ট দুয়ার্তে আগেও প্রকাশ্যে জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের বিষয়ে এভাবে উত্তেজিত হয়ে কথা বলেছেন। তারা দুয়ার্তের মাদক বিরোধী অভিযানের বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছিলেন।

ফিলিপাইনের সলিসিটর জেনারেল জোসে কালিদা ফিলিপাইনের প্রধান বিচারপতি সেরেনোকে (৫৭) আইনের অধ্যাপক থাকাকালে সম্পদের হিসাব গোপন করার অভিযোগ এনেছেন।