পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে, ষড়যন্ত্র, কারচুপি বা কোনও চাপে নয়, কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার সকালে ইসিপি সচিব বাবর ইয়াকুব এই তথ্য জানিয়েছেন।
বুধবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ঘোষিত বেসরকারি ফলাফলে ১১৩টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। বুধবার দিবাগত রাতে পিটিআইর অফিসিয়াল ফেসবুক পাতায় ইমরান খানকে ‘উজিরে আজম’ সম্বোধন করে অভিনন্দনও জানিয়েছে তারা। কিন্তু নওয়াজ শরিফের মুসলিম লীগ আর বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিসহ শীর্ষ রাজনৈতিক দলগুলো ভোটে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ইসিপি প্রধান সরদার রাজা খান নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ঠিকমতো কাজ করেছি বলেই প্রমাণিত হয়েছে। শুধু কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু পুরো ব্যবস্থায় কোনও ত্রুটি নেই। বিলম্ব চলছে এবং এই বিষয়ে আমাদের করার কিছু নেই।
সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনার সময় ইয়াকুব জানান, ফল ঘোষণায় বিলম্বের ঘটনায় কোনও ষড়যন্ত্র বা চাপ নেই। ফল পাঠানোর ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার কারণেই তা প্রকাশে বিলম্ব হচ্ছে।
ইয়াকুব বলেন, আরটিএস ব্যবস্থাটি পাকিস্তানে পরীক্ষা করা হয়নি। সূত্র: ডন, জিও নিউজ।