কাবুলে গোয়েন্দা বহরে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৫

আফগানিস্তানে গোয়েন্দাদের একটি গাড়ির বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার কাবুলে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

1766767-kabul-1532587035-108-640x480

পুলিশ মুখপাত্র হাশমাত স্টানিকজাই জানান, ভোর পাঁচটায় ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি’র (এনডিএস) গাড়ির বহরে এই হামলা হয়। নিহতদের বেশিরভাগ এনডিএস কর্মকর্তা ও একজন বেসামরিক। আহতদের মধ্যে পাঁচজন এনডিএস কর্মী ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

স্টানিকজাই বলেন, আত্মঘাতী হামলাকারীই হয়ত বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল।

কাবুলে আবাসিক এলাকায় রকেট হামলার দুই দিনের মাথায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। কোনও গোষ্ঠীর পক্ষ থেকে দায় স্বীকার না ওই হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। তবে বৃহস্পতিবারের হামলাটির দায় স্বীকার করেছে আফগান তালেবানরা।

এর আগে রবিবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হন। ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলাটির দায় স্বীকার করে জানানো হয়েছিল, আফগান ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল।