পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে রাষ্ট্রনেতাদের শুভেচ্ছা

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক ক্রিকেটার ও পিটিআই প্রধান ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

pakpm

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ এক চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় ইমরানকে উষ্ণ অভিভাবাদন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ইমরানের নেতৃত্বে জাতিসংঘ-পাকিস্তানের শান্তিরক্ষী মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত ইমরান খান। জুলাইয়ে অনুষ্ঠিত ভোটে ইমরানের দল পিটিআই সবচেয়ে বেশি আসনে জয়ী হয়।

চীনের প্রেসিডেন্ট লি কেকিয়াং ইমরানকে অভিনন্দন জানিয়ে দেওয়া বার্তায় বলেছেন, চীন ও পাকিস্তান সব সময়ের বন্ধু। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতিতেও উভয়দেশের সম্পর্ক ছিল ভালো ও স্থিতিশীল। চীন-পাকিস্তান উন্নয়ন সম্পর্ক নিয়ে ইমরানের ইতিবাচক মন্তব্যেরও প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের বেসামরিক সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও। ইমরানের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট বলেছেন, পাকিস্তান ও এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য পাকিস্তানের বেসামরিক সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়া সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন ইমরানের কাছে। ওই বার্তায় পুতিন পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।