রবিবার আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর নতুন কমান্ডার হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন মার্কিন জেনারেল স্কট মিলার। তিনি যুক্তরাষ্ট্রের ‘জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের’ সাবেক প্রধান। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মিলার এমন এক সময় এই দায়িত্ব নিলেন যখন ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ক্রমাগত প্রশ্নের মুখে পড়ছে। দেশটি এখনও তালেবান যোদ্ধাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারেনি।
আফগান সেনাবাহিনীকে সহায়তা প্রদানের জন্য নিয়োজিত ন্যাটো বাহিনীর সদস্যদের সামনে দেওয়া এক ভাষণে নতুন কমান্ডার মিলার বলেছেন, ‘সাফল্যের জন্য আমাদের আরও বেশি করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, চিনে নিতে হবে শত্রুদের। স্থিতিশীলতার আশা করার কোনও সুযোগ নেই। আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারি না।’
প্রায় ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানার জন্য যুক্তরাষ্ট্র তালেবান যোদ্ধাদের সঙ্গে একটি সমঝোতায় যেতে চাইছে। সমস্যা হচ্ছে তালেবানদের শর্ত নিয়ে। তালেবান যোদ্ধারা চায় সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে। আর যুক্তরাষ্ট্র চায়, তালেবান যোদ্ধাদের আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে।
রয়টার্স লিখেছে, তালেবান যোদ্ধাদের চাপে রাখতে একদিকে যেমন বিমান হামলা চালাচ্ছে ন্যাটো বাহিনী অন্যদিকে তেমন আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে। কিন্তু রয়টার্সের ভাষ্য, এতো কিছুর পরও সাফল্য যুক্তরাষ্ট্রের অধরাই রয়ে গেছে।
তালেবান যোদ্ধারা বরং এখন কাবুল ও জালালাবাদের মতো বড় শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। নগরকেন্দ্রগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হলেও আফগানিস্তানের গ্রামীণ এলাকার বড় অংশ তারাই নিয়ন্ত্রণ করে।
গত জুন মাসে পেন্টাগনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালেবানদের ওপর চাপ বাড়াতে নেওয়া পদক্ষেপ আদৌ কাজে আসছে কি না তার পক্ষে কোনও প্রমাণ পাওয়া যাচ্ছে না।
আফগানিস্তানে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে অনেক আশাবাদ তৈরি হলেও গত ঈদে ঘোষিত অস্ত্র বিরতি চুক্তির সময়ে শান্তি আলোচনার বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু সেই আশা ভেস্তে যায়, তালেবান যোদ্ধারা গজনী আক্রমণ করলে। আফগান বাহিনী ন্যাটো বাহিনীর সহায়তায় প্রবল যুদ্ধের মধ্য দিয়ে গজনী উদ্ধার করে।
মিলারের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বিদায়ী কমান্ডার জেনারেল জন নিকোলসন। তার ভাষ্য, তালেবান যোদ্ধাদের মধ্যে অনেকেই শান্তি চায়। কিন্তু তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে। তিনি তালেবান যোদ্ধাদের প্রতি শান্তি আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আফগান যুদ্ধের ইতি টানার সময় হয়েছে।’