রাশিয়ার কাছ থেকে শত কোটি ডলারের অস্ত্র কিনছে ভিয়েতনাম

ভিয়েতনাম রাশিয়ার কাছ থেকে একশ কোটি ডলার মূল্যের সমরাস্ত্র কিনতে যাচ্ছে। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনা হয়ে গেছে। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নগুয়েন ফু ট্রংয়ের রাশিয়া সফরের চলাকালেই এ খবর প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। তাদের বরাতে রচিত প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মূলত দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বড় অঙ্কের সমরাস্ত্র সংগ্রহকে প্রাধান্য দিতে শুরু করেছে ভিয়েতনাম।পুতিন ও ট্রং

তাস রাশিয়ার ‘ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশনের’ প্রধান দিমিত্রি শুগেয়েভের মন্তব্য উদ্ধৃত করেছে। তিনি বৃহস্পতিবার বলেছেন, ‘আমাদের কাছে একশ কোটি ডলারের সমরাস্ত্র ক্রয়ের তালিকা পৌঁছেছে।’ ভিয়েতনাম এর আগে রাশিয়ার কাছ থেকে ছয়টি কিলো ক্লাস ডুবোজাহাজ, অনেকগুলো যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনেছে। এবার আরও একশ কোটি ডলারের সমরাস্ত্র কেনার জন্য তালিকা দিয়েছে রাশিয়ার কাছে।

রাশিয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ট্রংয়ের বৈঠকের পর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি এক বিবৃতি দিয়ে বলেছে, ‘দুই দেশ সামরিক খাতে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ রাশিয়া ভিয়েতনামের সবচেয়ে অস্ত্র সরবরাহকারী। তাছাড়া দেশটির অনেক কর্মকর্তা ভিয়েতনামের জ্বালানি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা দেশগুলোর একটি হিসেবে ওপরের দিকে উঠে এসেছে। এর কারণ ওই এলাকায় চীনের অব্যহতভাবে প্রভাব বৃদ্ধির চেষ্টা। দক্ষিণ চীন সাগরে নিজের আধিপত্য প্রতিষ্ঠাতায় তৎপর চীন।  চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাতেই নিজের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু প্রতিবেশী ভিয়েতনাম, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন ও তাইওয়ান দক্ষিণ চীন সাগরে তাদের নিজেদের অধিকার থাকার কথা জানিয়ে চীনের দাবি প্রত্যাখ্যান করেছে।