শ্রীলঙ্কায় ৫০ কোটি রুপির বিনিময়ে এমপিকে পক্ষ বদলের প্রস্তাব!

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত রনিল বিক্রমাসিংহের দলের একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট সিরিসেনার নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রী রাজাপাকসের প্রতি সমর্থন নিশ্চিতে তাকে ৫০ কোটি শ্রীলঙ্কান রুপি ঘুষ সাধা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিরিসেনা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেও তা বৈধতা পাবে না যতক্ষণ না পর্যন্ত সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য তা অনুমোদন করছেন। সিরিসেনা আগামী ১৪ নভেম্বর সংসদ অধিবেশন চালুর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তাকে ও রাজাপাকসেকে নিশ্চিত করতে হবে, ভোটাভুটি হলে যেন তারা সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন পান।শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজাপাকসে

রাজাপাকসে পর পর দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০১৫ সালে সিরিসেনা প্রেসিডেন্ট প্রার্থী হন। তিনি পরাজিত করেন তার নিজ দলের নেতা রাজাপাকসেকে। ২০১৫ সালের ওই নির্বাচনের পর গঠিত হয় জোট সরকার, সিরিসেনা যার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বিক্রমাসিংহেকে। কিন্তু তারপর থেকে তাদের দুইজনের সম্পর্ক তিক্ত হয়ে উঠতে থাকে, যার প্রেক্ষিতে সিরিসেনা গত ২৬ অক্টোবর তাকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

শুক্রবার (২ নভেম্বর)২২৫ সদস্যের সংসদের ১১৮ জন সংসদ সদস্য অধিবেশন শুরুর দাবি জানানোয় সংশ্লিষ্টরা বিক্রমাসিংহের প্রধানমন্ত্রী হিসেবে টিকে যাওয়ার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন। পদচ্যুত প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে নিজেও সংসদ অধিবেশন দাবি করছেন যাতে ‘কনফিডেন্স ভোটের’ মাধ্যমে তার প্রতি থাকা সমর্থনের বিষয়টি প্রমাণ করতে পারেন তিনি।

বিক্রমাসিংহের পক্ষে থাকা সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ ডি সিলভা এক টুইটার বার্তায় জানিয়েছেন, মন্ত্রী ও সংসদ সদস্য রাঙ্গা বন্দর শ্রীলঙ্কার সংসদের স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন তাকে ঘুষ সাধার বিষয়ে। অজ্ঞাত পরিচয়ধারী তাকে ফোন করে ৫০ কোটি শ্রীলঙ্কান রুপি গ্রহণ করার প্রস্তাব দেয়। এর বদলে বন্দরকে রাজাপকাসের পক্ষে যেতে হবে। ঘুষের বিনিময়ে পক্ষ বদলের প্রস্তাব পাওয়ার বিষয়ে রাঙ্গা বন্দর দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিতে পারেন। সিলভা তার টুইটার বার্তায় উপস্থাপিত বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অর্থ দিয়ে সংসদ সদস্যদের দলে ভেড়াবার চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছে রাজাপাকসের দল। কলম্বো মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য মিলিন্দ রাজাপাকসে দাবি করেছেন, ‘কাউকে কোনও কিছু সাধা হয়নি’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ২৯ অক্টোবরেই সতর্ক করেছিল, সংসদ স্থগিতের কারণে শ্রীলঙ্কায় এমপি কেনা-বেচার মতো পরিস্থিতি দেখা দিতে পারে।