আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবান হামলায় অন্তত ২০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় লাশওয়া জুয়ান জেলায় পুলিশের একটি গাড়ির বহর তালেবানের ফাঁদে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহ বলেন, হামলায় প্রাদেশিক পুলিশের উপ-প্রধানসহ আরও চার পুলিশ সদস্য আহত হয়েছে। হামলায় নতুন নিয়োগ পাওয়া প্রাদেশিক পুলিশ প্রধান নিহত হয়েছেন।
পরিষদের আরেক সদস্য আব্দুল সামাদ সালেহি জানান, পুলিশের গাড়ির বহরটি নতুন জেলা প্রধানকে পরিচিয় করিয়ে নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়।
আফগানিস্তানের প্রায় অর্ধেক ভূখণ্ড নিয়ন্ত্রণকারী তালেবান এই হামলায় দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরে তালেবানরা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে।
এর আগে শুক্রবার খোস্ট প্রদেশে সামরিক ঘাঁটির ভেতরে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৬জন নিহত হয়েছিলেন। শুক্রবারের আগে তিনদিন আগে রাজধানী কাবুলে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত ও অপর ৮৩ জন আহত হয়েছিলেন।