মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে বিনামুল্যের খাবার সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কিতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার পুডু জেলার একটি বিপনি বিতানে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
এক নিরাপত্তারক্ষী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মাত্র ২০০টি কুপনের জন্য সেখানে হাজির হয়েছিলেন সহস্রাধিক মানুষ। বিনামুল্যের এই খাবার শুধু বয়স্কদের দেওয়া হচ্ছিল। লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে মাত্র চারজনকে কুপন দেওয়া হলে বিশৃঙ্খলা শুরু হয়। একে অপরকে ধাক্কা দিতে শুরু করে।
লাউ লোন নাং (৭৮) ও আহ পোহ (৮৫) নামের বৃদ্ধা খাবার সংগ্রহের লাইনে থাকা অবস্থায় শ্বাস কষ্টে ভুগতে শুরু করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই বৃদ্ধার মরদেহ মেঝেতে পাওয়া গেছে। ভিড়ের মধ্যে এই দুজন শ্বাস কষ্টে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বিপনি বিতানের এক কর্মকর্তা জানিয়েছেন, আরও চারজন মানুষ লাইনে দাঁড়ানো অবস্থায় পড়ে যান।