আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে রাখাইনে গ্রেফতার ২৬

মিয়ানমারের উত্তর রাখাইনের কিয়াউকটাউ এলাকা থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে ২৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রাখাইনের রাজ্যের আইনপ্রণেতা ইউ মাউং থান সেইন জানিয়েছেন, সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

kyauktaw

স্থানীয় আইনপ্রণেতা জানান, পুলিশ ওই ব্যক্তিদের গ্রেফতারের কারণ সম্পর্কে জানায়নি। কিন্তু কিয়াউকটাউ আদালতে খোঁজ নেওয়ার পর জানা গেছে, মেজর অং নায়েং সোয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ করেছে। গ্রেফতারকৃত এক নারীকে বাদ দিয়ে বাকি সবাইকে সিতের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সমাজকর্মী কো জাউ উইন জানান, রবিবার সন্ধ্যায় গ্রামবাসীদের পুলিশের জিজ্ঞাসাবাদের বিষয়টি তিনি প্রত্যক্ষ করেছেন। এখানে ঘরবাড়ি হারিয়ে ২৪ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ওই বাড়ির মালিক স্থানীয় প্রশাসনকে এই মানুষদের আশ্রয় দেওয়ার বিষয়টি অবহিত করেছিলেন। সন্ধ্যায় আধুনিক অস্ত্রে সজ্জিত কয়েক ডজন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদের জন্য আসে।

সম্প্রতি রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। গত ৪ জানুয়ারি উত্তর রাখাইনের চারটি সীমান্ত তল্লাশি চৌকিতে হামলা চালায় আরাকান আর্মি। ১৩ পুলিশ সদস্যকে হত্যা করে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ হাতিয়ে নেয় ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ঘটনার পর রাষ্ট্রপতির দফতর থেকে পাঠানো এক চিঠিতে আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নিশ্চিহ্ন করার কথা জানানো হয়। কয়েকদিন আগে রাখাইনের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী অভিযানে পুলিশ ও সেনাবাহিনীকে  অনুমতি দিয়েছে রাজ্য সরকার।