পাকিস্তানে পিসি হোটেলে বন্দুকযুদ্ধ চলছে, নিহত অন্তত ১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গুয়াদার শহরের পাঁচ তারকা পার্ল কন্টিনেন্টাল (পিসি) হোটেলে বন্দুকধারীর হামলায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে। একজন নিহতের জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, তিন বন্দুকধারী হোটেলে প্রবেশের চেষ্টার সময় এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করেছে। অভিযান এখনও চলছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

237047_6793_updates

আইএসপিআর জানিয়েছে, বিলাসবহুল হোটেলটিতে অবস্থানরতদের নিরাপদে বের করে আনা হয়েছে। সন্ত্রাসীরা হোটেলের টপ ফ্লোরে সিঁড়িতে আটকা পড়েছে। ক্লিয়ারেন্স অভিযান চলছে।

স্থানীয়রা জানিয়েছে, হোটেলে সন্ত্রাসীরা প্রবেশের সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

কর্মকর্তারা জানিয়েছে, নিরাপত্তারক্ষীরা পুরো হোটেল ঘিরে রেখেছে। প্রাদেশিক তথ্যমন্ত্রী জহুর বুলেডি জানান, তাৎক্ষণিকভাবে হোটেলের প্রাঙ্গণ ঘিরে রাখে নিরাপত্তাবাহিনী। এই মুহূর্তে সন্ত্রাসীদের সঙ্গে তাদের লড়াই চলছে।

বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলটি বন্দর নগরী গুয়াদারে অবস্থিত। কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে হোটেলটির।

এর আগে গুয়াদার থানার কর্মকর্তা আসলাম বাংগুলজাই জানান, পার্ল কন্টিনেন্টাল হোটেলে বিকাল ৪টা ৫০ মিনিটে ৩ থেকে ৪ জন বন্দুকধারী হামলা চালায়। গোলাগুলি চলছে তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হোটেলটিতে কোনও বিদেশি নাগরিক অবস্থান করছেন না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, অ্যান্টি টেরোরিজম ফোর্স ও সেনারা উপস্থিত রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহসিন হাসান বাট জানান, দুই থেকে তিন বন্দুকধারী গুলি শুরু করে এবং তারা হোটেলে প্রবেশ করেছে। হামলার সময় হোটেলটিতে কোনও বিদেশি নাগরিক ছিলেন না। যারা ছিলেন তারা সবাই হোটেলের কর্মী। সেখানে অবস্থানরত ৯৫ শতাংশ মানুষকে বের করে আনা হয়েছে।