শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা ঠেকাতে তিনটি জেলার পর এবার কারফিউ জারি করা হয়েছে সারা দেশে। সোমবার শ্রীলঙ্কার পুলিশ ছয় ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে। ফেসবুক পোস্টের জের ধরে রবিবার চিলাউ শহরে তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন কয়েকটি দোকানে খ্রিস্টানদের হামলার পর এই মুসলিমবিরোধী দাঙ্গার উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সোমবার দেশজুড়ে রাতে ছয় ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। রাজধানী কলম্বোর উত্তরের কয়েকটি জেলায় মুসলিমবিরোধী সহিংসতা উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে তিনটি জেলায় কারফিউ জারি করা হলেও পরে তা সারাদেশে বৃদ্ধি করা হয়েছে। পূর্ব উপকূলীয় শহর চিলাউয়ের কয়েকটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকান হামলার শিকার হয়েছে। ফেসবুকে শুরু হওয়া বিরোধের জেরে রবিবার এই হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে সাময়িকভাবে ফেসবুক, ভাইবার, ইমো, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তিন সপ্তাহ আগে দেশটিতে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিলেন। পরে ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। ওই হামলার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হয়ে আসছেন দেশটির মুসলিম নাগরিকরা।