কাবুলে হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

kabul-afp-wbআফগানিস্তানের রাজধানী কাবুলে হামলার আশঙ্কা করছে সেদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ‘হামলার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য’ পেয়েছে তারা। তবে কোথায় কখন হামলা হতে পারে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতামূলক’ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডিউ সাংবাদিকদের জানান, আফগানিস্তানে দেশটির দূতাবাস নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট হামলার বিষয়ে তথ্য পেয়েছে। তবে  যুক্তরাষ্ট্রের দূতাবাস, নাগরিক ও স্বার্থ সংশ্লিষ্ট কিছুতে এ হামলা হবে না।
হামলার ধরন কেমন হবে সে বিষয়ে বিস্তারিত না জানালেও এলিজাবেথ বলেন, যে তথ্য পাওয়া গেছে তা কাবুলে অবস্থানকারী মার্কিন নাগরিকদের সতর্ক করার জন্য যথেষ্ট।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করে আসছে।
প্রসঙ্গত, কাবুলসহ বিভিন্ন এলাকায় নিয়মিত হামলা করছে তালেবানরা। তালেবানদের হামলার প্রধান লক্ষ্যবস্তু আফগান নিরাপত্তা বাহিনী ও বিদেশিরা। এরবাইরে ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতিও বাড়ছে দেশটিতে। সূত্র: এপি।

/এএ/বিএ/