সিরিয়ায় পণবন্দি জাপানি সাংবাদিক

সিরিয়ায় পণবন্দি অবস্থায় আছেন জাপানের একজন ফ্রিল্যান্স সাংবাদিক। জাম্পেই ইয়াসুদা নামের বন্দিকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে টোকিও। বৃহস্পতিবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রিপোটার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, গত জুলাই থেকে সিরিয়ায় একটি সশস্ত্র গ্রুপের হাতে বন্দি অবস্থায় রয়েছেন জাম্পেই। মুক্তিপণ না দিলে তাকে খুন করা অথবা অন্য কোনও গ্রুপের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে অপহরণকারীরা।
জাপান সরকারের পক্ষ থেকে অবশ্য রিপোটার্স উইদাউট বর্ডার্স-এর বক্তব্যের যথার্থতা নিশ্চিত করা হয়নি। কিন্তু টোকিও বলছে, নাগরিকদের নিরাপত্তার জন্য জাপান তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে।
ঠিক কোন গোষ্ঠী জাম্পেই ইয়াসুদাকে  অপহরণ করেছে সেটা এখনও পরিষ্কার নয়। তবে রিপোটার্স উইদাউট বর্ডার্স বলছে, ওই জাপানি সাংবাদিক যেখান থেকে অপহৃত হয়েছিলেন সেটি আল নুসরা ফ্রন্ট নিয়ন্ত্রিত এলাকা। এ সংগঠনটি সিরিয়ায় আল কায়েদার শাখা হিসেবে পরিচিত।

এদিকে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে জাম্পেই ইয়াসুদাকে রক্ষায় সম্ভব সবকিছু করতে জাপান সরকারের কাছে আহ্বান জানিয়েছে রিপোটার্স উইদাউট বর্ডার্স।

বিবৃতিতে রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের জিম্মি না করতেও সিরিয়ার বিবদমান গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহাইড সুগা। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা প্রদান করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফলে আমরা সবরকম উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূত্র: বিবিসি।

/এমপি/