পাকিস্তানে মাওলানা আদিল খানকে গুলি করে হত্যা

পাকিস্তানের প্রভাবশালী মাওলানা ও করাচির জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল ড. আদিল খানকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে করাচির ২নং শাহ ফয়সাল কলোনিতে আততায়ীদের গুলিতে গাড়িচালকসহ আদিল খান নিহত হন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

5f81e378c1b1d

মাওলানা আদিল খান পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক সভাপতি আল্লামা সলিমুল্লাহ খানের ছেলে। তিনি সুন্নি দেওবন্দিপন্থী আলেম এবং মালয়েশিয়ায় ধর্মীয় শিক্ষায় পিএইচডি সম্পন্ন করেছেন। বাবার মৃত্যুর পর তিনি করাচি ফিরে আসেন।

পুলিশ জানায়, কলোনি এলাকায় শামা শপিং সেন্টারের বাইরে মিষ্টি কেনার জন্য একটি টয়োটা ভিগো গাড়িতে বসে ছিলেন মাওলানা আদিল খান। এ সময় চালকসহ তাকে গুলি করে হত্যা করা হয়ে। সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় ড. আদিলকে লিয়াকত ন্যাশনাল হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র আনজুম রিজভি। তার গাড়িচালক মাকসুদ আহমেদকে জিন্নাহ পোস্ট-গ্র্যাজুয়েট হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পরপরই পুলিশ ও সিন্ধু রেঞ্জার্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তারা।

করাচির স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম নবী মেমন বলেন,  মোটরসাইকেলে তিন জন ছিলেন। একজন নেমে গুলি করে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জবানবন্দি সংগ্রহ করছি। তবে এই পথে মাওলানা সচরাচর যাতায়াত করতেন না।

মাওলানা আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ‘নিন্দনীয় ও টার্গেট কিলিং’ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।