বেসামরিকদের ওপর হামলায় আর্মেনিয়াকে মূল্য দিতে হবে: তুরস্ক

তুরস্ক হুঁশিয়ারি জানিয়ে বলেছে, প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। সোমবার তুর্কি প্রতিরক্ষা প্রধান এই হুঁশিয়ারি জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

thumbs_b_c_56f764ffb15827fa6991da50e6912ee7

নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েক দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

সোমবার তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনের সময় তুর্কি প্রতরিক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, দুঃখজনক, গ্যাঞ্জা ও অন্যান্য আবাসিক এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়া। এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তারা হামলা অব্যাহত রেখেছে। এসবের জন্য একদিন ইতিহাস ও আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে তাদের।

এদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগারনো-কারাবাখ নিয়ে শান্তি আলোচনার উদ্যোগে তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, সংঘাতে মধ্যস্থতার জন্য ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মিনস্ক গোষ্ঠী নিরপেক্ষ নয়। সিরিয়া, লিবিয়া ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত বৈশ্বিক শক্তি তুরস্ককে এই সমাধান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য আর্মেনিয়া, যার নেতৃত্বে রয়েছে রাশিয়া। আবার আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়েছেন।