নেপালের প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টে তলব

আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তলব করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তাকে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব নিয়ে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নেপালের ৯৫ বছর বয়সী সিনিয়র আইনজীবী কৃষ্ণ প্রসাদ ভান্ডারিকে ‘একজন দাদা আইনজীবী’ বলে অভিহিত করায় গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দুইটি মামলা দায়ের করা হয়। বিচারপতি মনোজ কুমার শর্মার একক বেঞ্চে ওই মামলার শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারপতি মনোজ কুমার প্রধানমন্ত্রীকে হাজির হয়ে কেন তাকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হবে না এই মর্মে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন কুমার শর্মা আচারিয়া এবং কাঞ্চন কৃষ্ণ নিউপানে নামে দুই আইনজীবী।

নেপালের কমিউনিস্ট পার্টির (এনসিপি) নেতা পুষ্প কমল দহল প্রচন্দের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে গত ২০ ডিসেম্বর পার্লামেন্ট বাতিল করেছেন প্রধানমন্ত্রী কেমি শর্মা ওলি। গত সপ্তাহে ৬৮ বছর বয়সী ওলিকে এনসিপি থেকে বহিষ্কার করেন প্রচন্দ।