নেপালে দুই ভারতীয় পর্বতারোহী নিষিদ্ধ

মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা নিয়ে ভুয়া তথ্য দেওয়ায় ভারতের দুই পর্বতারোহী এবং তাদের দলনেতাকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে নেপাল। এসব পর্বতারোহী এই সময়ের মধ্যে নেপালের আর কোনও পর্বতে আরোহণ করতে পারবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৬ সালে ভারতের দুই পর্বতারোহী নরেন্দর সিং যাদব এবং সীমা রানি গোস্বামীকে এভারেস্টের চূড়ায় ওঠার প্রত্যয়ন দেয় নেপালের পর্যটন দফতর। তবে যাদব একটি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর তারা চূড়ায় ওঠার প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন। আর এনিয়ে তদন্তের পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেপালের কর্তৃপক্ষ।

দুনিয়ার সব পর্বতারোহীর কাছেই এভারেস্টের চূড়ায় আরোহণ স্বপ্ন বলে বিবেচিত। আট হাজার ৮৪৮.৮৬ মিটার উচ্চতায় উঠতে পারলেই এভারেস্টের চূড়ায় ওঠা হয়েছে বলে গণ্য করা হয়। গত বছর নরেন্দর সিং যাদব মর্যাদাপূর্ণ তেনজিং নোরগে অ্যাডভেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত হন। ওই সময়ে এই যুগল দাবি করেন অন্য পর্বতারোহীরা তাদের এভারেস্টের চূড়ায় পৌঁছানোর বিষয়ে জানেন।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তদন্তের সময় অন্য পর্বতারোহীরা জানিয়েছেন যে ওই দুই ভারতীয় কখনওই চূড়ায় ওঠেননি। আর তারা নিজেরাও কোনও ছবি কিংবা বিশ্বাসযোগ্য অন্য কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

তদন্তের পর নরেন্দর সিং যাদব এবং সীমা রানি গোস্বামীকে দেওয়া প্রত্যয়ন প্রত্যাহার করে নিয়েছে নেপালের পর্যটন মন্ত্রণালয়। এছাড়া তাদের অভিযানের আয়োজক কোম্পানিকেও জরিমানা করা হয়েছে।